অনেকদিন প্রেম নেই জীবনে
————-মাহমুদ হাসান
অনেকদিন প্রেম নেই জীবনে!
নেই সেই প্রেম, নেই সেই অপেক্ষা
নেই কোনো চোখে হারিয়ে যাওয়ার তাড়া।
প্রতিদিনের ঘড়ির কাঁটার মতোই
সময়ের ভিতর গলে যাচ্ছে সম্পর্কহীন পথচলা।
নেই রাত জাগা বার্তার প্রতীক্ষা,
নেই হৃদয় দোলানো নরম শব্দের আহ্বান।
আজকাল চাঁদও বড় নিরাসক্ত মনে হয়,
আর নক্ষত্রেরা—তাদের চোখে নেই পূর্ণ ঝলক।
মিথ্যে বলার আগ্রহ
ঝড়া পাতার মত ঝরে গেছে,
ভালোবাসার ভান করে আর ক্লান্ত হতে ইচ্ছা করে না।
নিজেকে হারিয়ে ফেলার ভয়টাও নেই এখন,
কারণ আর কেউ নেই, যে আমাকে খুঁজবে আদরে।
লুকিয়ে কথা বলার সেই উত্তেজনা,
এখন মনে হয় ছেলেমানুষি,
অথবা হয়ত অতীতের রঙিন ধোঁয়া।
নেই আর কারো চোখে চোখ রাখার ভয়,
কারণ এখন আমার চোখেই আমি একা।
তবুও কোথাও একটুকু শূন্যতা আছে,
একটা চুপচাপ কামনা—অজান্তে জেগে থাকে।
হয়তো কোনোদিন, হঠাৎ কারো চোখে
নিজেকে আবার আবিষ্কার করবো নতুন করে।
তখন বলবো না, “ভালোবাসো”,
শুধু থাকবো পাশে, নিঃশব্দে,
যেমন রোদ পড়ে দেয়ালের গায়ে—
আলতো, অথচ ছায়ার মতো স্থায়ী।
২৫ এপ্রিল ২০২৫